চারণের দৃষ্টিতে

চারণের দৃষ্টিতে - সৌমিত্র দস্তিদার

লেখক: সৌমিত্র দস্তিদার

আমি ও আমার মওলানা ভাসানী লেখার সময় টানা লিখে গেছি। কোন চাপ ছিল না। কিন্তু ফদ্বিতীয় সংস্করণ লিখতে বসে হিমশিম খাচ্ছি। তার বড় কারন,আগের লেখাটি ছিল হিমশৈলির চূড়ামাত্র। ভাসানী জীবন নিছক ভাসানীর ব্যক্তিআখ্যান নয়,বাংলাদেশের জন্মবৃত্তান্ত। ইদানীং বাংলাদেশের জাতির পিতা, জনক ইত্যাদি নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু আমি সামান্য চর্চা করতে গিয়ে নিশ্চিত, ১৯৭১ এর মুক্তিঅন্দোলনের ভিত গড়ে ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানীই।আওয়ামী মুসলিম লীগের জন্মের প্রধান কারিগর নিঃসন্দেহে মজলুম জননেতা। মওলানা ভাসানী রাজনীতিক ছিলেন। আরও বেশি ছিলেন একজন মহান দার্শনিক।যিনি বলতেন, রাজনৈতিক স্বাধীনতা পাওয়াই সব নয়। দরকার চিন্তার মুক্তি। মওলানা ভাসানী কে জানব বলে বাংলাদেশের বিস্তৃত এলাকায়, গ্রামে গ্রামে ঘুরি।সিলেটের নানকার আন্দোলন থেকে অবিভক্ত দিনাজপুরের ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, বোদা, ডিমলা, ডোমর তেভাগার গড় হয়ে রংপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গমারিপিছিয়ে থাকা জেলায় ঘুরে বুঝতে চেষ্টা করি, মওলানা ভাসানী র লড়াই সংগ্রামের মুল ভিত্তি কৃষকদের পরিস্থিতি এখন কেমন! সাবেক পূর্ববঙ্গের মুখ্য দ্বন্দ্ব ছিল জমিদার রায়তের।জমির মালিকানা মুলত ছিল বর্ন হিন্দুদের হাতে। ভারত ভাগের পিছনে জমির প্রশ্নের বড় ভুমিকা ছিল। পরবর্তী সময়ে দরিদ্র কৃষক, শ্রমিকদের অধিকার আন্দোলনের নেতা হিসেবে মুল ভুমিকা ছিল মওলানা ভাসানীর।এখনো বাংলাদেশের জমির মালিকানা, বেশ কিছু জায়গায় কাগজে কলমে বড় ভূস্বামীদের কব্জায় থাকলেও কার্যত তাদের ভুমিকা শুন্য।কৃষকদের অর্থ নৈতিক ক্ষমতা না বদলালেও তাদের অন্যান্য পেশা বেছে নেবার স্বাধীনতা বেড়েছে। শ্রমিকদের চেহারাও বদলে গেছে। ফলে প্রশ্ন ওঠে, মওলানা ভাসানীর রাজনীতির গুরুত্ব আজ কতটা প্রাসঙ্গিক! কিন্তু রাজনীতির ডিসকোর্সে নতুন নতুন এমন অনেক পরিভাষা জন্ম নিচ্ছে, উন্নয়ন, আইডেন্টিটি, নারীর ক্ষমতায়ন, পরিবেশ ইত্যাদি, সেখানে মওলানা ভাসানী আবার নতুন ভাবে গুরুত্বপূর্ণ আইকন হয়ে উঠেছেন।মওলানা হয়ে উঠছেন লার্জার দ্যান লাইফ। ভাসানী ততদিনই প্রাসঙ্গিক থাকবেন, দুনিয়ায় জালিম মজলুম দ্বন্দ্ব শেষ না হওয়া পর্যন্ত। মার্টিন লুথার কিং, ম্যালকম এক্স বা গান্ধী কম বেশি অনেকের সঙ্গে তো বটেই, ভারতের সোশালিস্ট নেতা রাম মনোহরলোহিয়ার চিন্তা ভাবনার সঙ্গে প্রভুত মিল থাকলেও মওলানা ভাসানী অনন্য।

Share with