tribute to maulana bhashani

সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও সামন্তবাদবিরোধী আন্দোলন ও সংগ্রামের পথিকৃৎ এবং আমাদেরউপমহাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

পাবনা-সিরাজগঞ্জের প্রমত্ত যমুনা নদীর পাড়ে ধানগড়া গ্রামে চেগা মিয়া জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে এই চেগা মিয়া ব্রিটিশ, পাকিস্তান ও ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। ভাসানী যমুনা নদীর পাড়ের নৌকার মাঝিদের দুঃখ-কষ্ট অতি কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন। তিনি দেখেছেন জমিদার শ্রেণি কর্তৃক গরিব, অসহায়, ভূমিহীন কৃষক সমাজের উপর তাদের নির্মম নির্যাতন ও নিপীড়ন। তিনি লক্ষ্য করেছিলেন জমিদার-মহাজনদের শোষণ ও শাসন। এইসব নিরীহ মানুষের অধিকার রক্ষা করা এবং একটি শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্রব্যবস্থার আকাক্সক্ষাকে সামনে রেখে তিনি বিপ্লবী সংগঠনের সাথে জড়িয়ে পড়েন। তিনি স্বদেশী আন্দোলন করেছেন। তিনি অনুশীলন পার্টি করেছেন। তিনি স্বরাজ দল করেছেন। তিনি মাওলানা মোহাম্মদ আলী ও শওকত আলীর খিলাফত আন্দোলন করেছেন। ভাসানী জনগণের শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার সামান্যতম প্রচেষ্টা না দেখতে পেয়ে তিনি ভারতের আসামের ভাসানচরে চলে যান। সেখানে যাওয়ার কিছুদিনের মধ্যে মওলানা ভাসানী ভাসানচরের জনমানুষের নয়নের মণি হয়ে ওঠেন। এই ভাসানচরের জনগণ তাকে ভাসানচরের নাম অনুসারে “ভাসানী” উপহার প্রদান করেছিলেন। তিনি চেগামিয়া থেকে হয়ে উঠেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
তিনি আসামের জমিদার নেতাদের, মহাজনদের বিরুদ্ধে সমগ্র কৃষক, শ্রমিক, মজদুরসহ মেহনতি জনগণকে সংগঠিত করতে থাকেন। তিনি ভারতে সর্বপ্রথম লাইন কুখ্যাত প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে ছিলেন এবং কারাগারে গিয়েছিলেন। মওলানা জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কংগ্রেসে যোগদান করেছিলেন। কিছুদিন পর তিনি মুসলিম লীগে যোগদান করে আসামের মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হয়ে আসামের আইন পরিষদের নির্বাচন করে আসাম আইন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি পাকিস্তান আন্দোলনের প্রথম সারির একজন নেতা ছিলেন। মওলানা পাকিস্তান আসার আগে একটি হরতালের ডাক দিলে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। জমিদার, জোতদার ভাসানীকে শত্রু হিসেবে পরিগণিত করতেন, এইসব জমিদার, জোতদার, মহাজনরা লিখিতভাবে ব্রিটিশ শাসকদের কাছে নালিশ জানিয়েছেন। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হলে ভাসানী তখনও জেলে বন্দী ছিলেন। ভারত সরকার তাকে জেল থেকে মুক্তি দিয়ে পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেয়। মাওলানা তখন পূর্ব বাংলার সিলেটে চলে আসেন। সিলেটে তখন চরম অস্থিরতা চলছিল। সিলেটকে ভারতের অন্তর্ভুক্ত করতে চাইলে মাওলানা ভাসানী বাধার প্রাচীর হয়ে ওঠেন। তিনি গণভোটের দাবি উপস্থাপন করেন এবং গণভোটে জয়লাভ হলে সিলেট পূর্ব পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হয়। কিন্তু করিমগঞ্জ ভারত দখল করে নেয়।
পাকিস্তানের আইন পরিষদের উপনির্বাচনে টাঙ্গাইল থেকে অংশগ্রহণ করলে তিনি জয়যুক্ত হন। পাকিস্তানের আইন পরিষদের সংসদে মওলানা সর্বপ্রথম বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছিলেন। পাকিস্তানের স্বাধীনতা-উত্তর মওলানা ভাসানী প্রথমে দেখতে পান যে পূর্ব বাংলার মানুষের উপর পাকিস্তানি শাসকচক্রের বৈষম্যমূলক আচরণ ও নির্যাতন-নিপীড়ন। এইসবের কারণে তিনি আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি তোলেন। মওলানার জীবনে জেল তার পিছু ছাড়েনি। তিনি অসহযোগ আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন, তিনি স্বরাজ দল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন, তিনি খিলাফত আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছিলেন। তিনি লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছেন। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন ছিল মওলানা ভাসানীর জীবনে নিত্যদিনের সঙ্গী। স্বাধীন পাকিস্তানে পশ্চিমা শাসকচক্র রাষ্ট্রভাষা উর্দু করার চেষ্টা চালায়। পূর্ব বাংলার ছাত্রসমাজ প্রথমেই এর প্রতিবাদ শুরু করে। সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। রক্তাক্ত ১৯৫২-এর একুশে ফেব্রুয়ারি হয়ে উঠেছিল অনিবার্য। রক্ত আর জীবনের বিনিময়ে প্রথম বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা লাভ করেছিল। পৃথিবীর ইতিহাসে আমরাই প্রথম জাতি ও রাষ্ট্র, যারা রক্ত আর জীবন দিয়ে নিজেদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। পূর্ব বাংলা একসময় পশ্চিমা শাসক ও শোষক গোষ্ঠীর এক ধরনের উপনিবেশে পরিণত হলে মওলানা ভাসানী কাগমারী সম্মেলনের ডাক দেন এবং টাঙ্গাইলের সন্তোষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক মেলার নামে বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। একশতো চল্লিশটি তোরণ নির্মিত হয়েছিল।
উপনিবেশিক শাসন ও শোষণ, জাতিগত নির্যাতন-নিপীড়ন তার সীমা অতিক্রম করলে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান শুরু হয়। তার কিছুদিন আগে, ১৯৬৮ সালে নরসিংদীর হাতিরদিয়া কৃষক বিদ্রোহ হলে তিনজন কৃষককে পাকিস্তানি শাসকগোষ্ঠী গুলি করে হত্যা করে। সেই আন্দোলন ও সংগ্রাম পরবর্তীতে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের অন্তর্ভুক্ত হয়। পূর্ব বাংলার সকল দাবি অনিবার্য করে তুলতে এই কৃষক বিদ্রোহ এবং তিনজন কৃষকের শাহাদাতবরণ অনেকটা অনুপ্রেরণা সৃষ্টি করেছিল। পরবর্তীতে গণঅভ্যুত্থান সফল হয়, আইয়ুবের পতন হয়। ইয়াহিয়া প্রধান সামরিক আইন প্রশাসক হয়ে আসেন। তিনি লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে নির্বাচন দিলে এই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করে। মওলানা ভাসানী এই নির্বাচন বর্জন করলে পূর্ব বাংলার স্বাধীনতার দাবিতে বাংলা উত্তাল হয়ে ওঠে। এর কিছুদিন পর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লক্ষ লক্ষ মানুষ মারা গেলে মওলানা তা দেখতে যান এবং তিনি সোজা পল্টনের বিশাল জনসভায় যোগদান করেন। এই জনসভায় মওলানা বলেছেন, “ওরা আসেনি।” তিনি বলেছেন, “আসসালামু আলাইকুম, তোমরা তোমাদের পথ দেখো, আমরা আমাদের পথ দেখব।” শুরু হয় পালাক্রমে পূর্ব বাংলার স্বাধীনতার দাবি। এই আওয়াজ সারা বাংলায় গিয়ে আছড়ে পড়েছিল। পূর্ব বাংলার স্বাধীনতার দাবি সারা বাংলায় মুহূর্তে উত্তাল হয়ে উঠেছিল। মুজিব তথা আওয়ামী লীগের সকল আপসকামিতা স্বাধীনতার স্লোগান ও সংগ্রামের কাছে ভেসে যায়।
পঁচিশে মার্চ পশ্চিম পাকিস্তানের দানব বাহিনী নিরস্ত্র বাঙালির উপর সশস্ত্র হামলা করলে মুজিব পাকিস্তানি আর্মির হাতে আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তানিদের কারাগারে চলে যান। এইবার শুরু হয় রুখে দাঁড়ানো এবং স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে যায়। এই স্বাধীনতা যুদ্ধের যে সর্বদলীয় কমিটি হয়েছিল, তার সভাপতি ছিলেন মওলানা ভাসানী। তিনি ছিলেন স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তাকে জাতির পিতা ঘোষণা করলে আপত্তি কোথায় এবং কেন? তিনি ছিলেন আমাদের একমাত্র মুকুটহীন সম্রাট। মাওলানা ভাসানী পূর্ব বাংলার স্বাধীনতা চেয়েছিলেন। তিনি ছিলেন আফ্রো এশিয়া ও লাতিন আমেরিকার মুক্তিকামী জনগণের নেতা। তিনি সকল মুক্তিকামী মানুষের মুক্তি ও স্বাধীনতার সংগ্রামের পক্ষে ছিলেন। মাওলানা একসময় আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। তিনি জুলিও কুরি পুরস্কার পেয়েছিলেন। তিনি মিশরের প্রেসিডেন্টের আমন্ত্রণে দামেস্ক গিয়েছিলেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন। তিনি চীনের চেয়ারম্যান মাও সেতুংয়ের আমন্ত্রণে গিয়েছেন। তিনি কিউবার ফিদেল কাস্ত্রোর দেশে গিয়েছেন। আমরা মওলানা ভাসানী ফাউন্ডেশন করেছি শুধুমাত্র তাকে নিয়ে গবেষণা করা এবং তার জীবনের সকল কর্মকান্ড খুঁজে বের করতে। জাতির বিশেষ বিশেষ মুহূর্তে আমরা অবশ্যই কথা বলব। তবে আমাদের মূল লক্ষ্য মওলানার দীর্ঘ বর্ণাঢ্য জীবনের সকল দিকগুলো তুলে ধরা। মওলানা দীর্ঘজীবী হোন।

আলী ইমাম
সভাপতি
মওলানা ভাসানী ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share with